ঢাকা, রবিবার, ৫ জুলাই, ২০২৬

অধিকাংশ সময় বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা জাহান (শাপলা)-এর বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, তিনি প্রায় সময় বিদ্যালয়ে উপস্থিত না থেকেও সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, চলতি জুলাই মাসের ২ ও ৫ তারিখ কোনো ধরনের অনুমোদিত ছুটি ছাড়াই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ওই দুই দিনের হাজিরা খাতায় তার কোনো স্বাক্ষরও পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে অধিকাংশ দিন বিদ্যালয়ে দেখা যায় না। ফলে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীদের পাঠদানও ব্যাহত হচ্ছে।


এছাড়া অভিযোগ রয়েছে, নির্ধারিত দিনে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পর তিনি পরবর্তী সময়ে এসে উপস্থিতি খাতায় আগের দিনের হাজিরায় স্বাক্ষর করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, “একজন প্রধান শিক্ষিকা যদি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকেন, তাহলে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়াই স্বাভাবিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”


এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা জাহান (শাপলা)-কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 


এ বিষয়ে জামালপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান জানান, “মাহমুদা জাহান (শাপলা)-কে ২ ও ৫ জুলাই কোনো ধরনের ছুটি অনুমোদন করা হয়নি।"


 স্থানীয় অভিভাবক ও সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


ads
ads
ads

Our Facebook Page